জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাস্কেটবল ক্লাব’ (JUBC)। বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল অঙ্গনের দীর্ঘদিনের সাফল্য ও অর্জনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে এই নবগঠিত কমিটির যাত্রা শুরু হলো।
নবগঠিত এই ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ ইফরাত আমিন অক্ষর (পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগ, ৫০তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাবিলা সুলতানা (ম্যানেজমেন্ট বিভাগ, ৫১তম ব্যাচ)। ৫০ থেকে ৫৪তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়ালিদ হাসান, সাবিকুন্নাহার পলি, পূরবী সরকার ও জান্নাতুল ফেরদৌসি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইকবাল হোসেন এবং ঐতিহ্য ইশতিয়াক বিন ইকবাল।
ক্লাবটির সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রয়েছেন দলের ম্যানেজার এবং ভূগোল বিভাগের অধ্যাপক শরিফুল হুদা। এছাড়া কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক আজমল আমিন টুটুল। ক্লাবের ফাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফাহিম তাজোয়ার সারফি (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-৪৭), সোহানুর রহমান সাঞ্জু (দর্শন-৪৮), দেবযানী ভট্টাচার্য (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-৪৭) এবং রাইফ রহমান (চারুকলা-৪৮)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করাই তাদের মূল লক্ষ্য। এক বিবৃতিতে তারা বলেন, “আমরা শুধু অতীতের গৌরব ধরে রাখতে নয়, বরং নতুন সাফল্যের গল্প গড়তে চাই। ইনডোর ও আউটডোর সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রতিটি ক্রীড়াবিদ নিজের সম্ভাবনা বিকাশের সুযোগ পায়। সবাইকে সাথে নিয়ে আমরা একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই উদ্যোগের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নতুন এই ক্লাবের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে আরও দক্ষ খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ শিক্ষার্থীরা।