অমর একুশে বইমেলা – ২০২৬ এ প্রকাশিত হয়েছে সাংবাদিক জাহাঙ্গীর আলমের গল্পগ্রন্থ ‘প্রতিচ্ছায়া’। পাঁচটি গল্প নিয়ে সাজানো এ গ্রন্থে মানুষের আত্মবোধ, আত্মঅনুসন্ধান এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবনবোধ তুলে ধরার চেষ্টা করেছেন লেখক।
জাহাঙ্গীর আলম খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন থেকে পড়াশোনা শেষ করেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই নিজের জীবনবোধ ও আত্মউপলব্ধি থেকে মানুষের চিন্তা-চেতনা ও জীবনদৃষ্টির পরিবর্তন নিয়ে ভাবতে শুরু করেন তিনি। সেই ভাবনার প্রতিফলনই গল্পগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে।
গ্রন্থটির প্রতিটি গল্পে মানুষের ভেতরের জগৎ, আত্মপরিচয় এবং জীবনের গভীর উপলব্ধিকে তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। ব্যস্ত জীবনে মানুষ যেভাবে সাফল্যের পেছনে ছুটে চলে এবং নিজের ভেতরকে জানার বিষয়টি উপেক্ষা করে সেই বাস্তবতাকে সামনে আনতেই গল্পগুলো লেখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় জীবনে অনলাইন পোর্টালে গল্প লেখার মধ্য দিয়ে লেখালেখির শুরু জাহাঙ্গীর আলমের। এবার তিনি গল্পসংগ্রহ ‘প্রতিচ্ছায়া’ বই আকারে প্রকাশ করে পাঠকের হাতে তুলে দিয়েছেন। বইটি প্রকাশ করেছে বাঙ্ময় প্রকাশনী। অমর একুশে বইমেলার ১৪২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির পরিবেশক বাংলা ধরিত্রী।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, বইটি সমাজের তরুণ ও প্রবীণ সব ধরনের পাঠকের জন্য। প্রতিটি গল্পে মানুষের আত্মউপলব্ধি, নিজের ভেতরকে জানার চেষ্টা এবং জীবনের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন রয়েছে। পাঠকেরা গল্পগুলো পড়ার মাধ্যমে নিজেদের জীবন ও চিন্তার সঙ্গে মিল খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।