পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন খেলার মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান এবং সঞ্চালনা করেন প্রভাষক মাঈন মোল্লা।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা জামায়াতে ইসলামের আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাফেজ ফাহিম আহমেদ। পরে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা যুবায়ের আহমাদ রমজানের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন। তিনি রমজানকে আত্মসংযম, আত্মশুদ্ধি ও গুনাহ থেকে মুক্তির মাস হিসেবে বর্ণনা করেন এবং দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে জীবনের বাকি সময়েও ধারণ করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রাজনীতিবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় বলে আয়োজকেরা জানান।