চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ‘চাকসু, হল ও হোস্টেল সংসদ প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজন সম্পন্ন হয়।
এসময় নির্বাচন পরবর্তী চার মাসে চাকসু, হল ও হোস্টেল সংসদের কার্যক্রম পর্যালোচনা, প্রতিনিধিদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও চাকসুর দাপ্তরিক ওয়েবসাইট উন্মোচন, বার্ষিক ক্যালেন্ডার উদ্বোধন এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এই আয়োজনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন প্রশাসনের একটি বড় সাফল্য। গত দেড় বছরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন এসেছে। মেগা কনভোকেশন আয়োজন, হলসমূহে দখলদারিত্ব উচ্ছেদ করে মেধার ভিত্তিতে আসন বণ্টন, গবেষণা কার্যক্রমে অগ্রগতি এবং ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রতিষ্ঠা উল্লেখযোগ্য।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, চাকসু শিক্ষার্থীদের অধিকার সচেতনতা বৃদ্ধি করেছে এবং মত প্রকাশের সুযোগ সম্প্রসারিত করেছে। প্রশাসন ও ছাত্র প্রতিনিধিরা একযোগে কাজ করলে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সম্ভাবনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
ছাত্র হলসমূহের প্রতিনিধি হিসেবে শহীদ আবদুর রব হল ছাত্রসংসদের ভিপি হাফেজ বোরহান উদ্দিন এবং ছাত্রী হলসমূহের প্রতিনিধি হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত বক্তব্য রাখেন।
এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শিক্ষকবৃন্দ, চাকসু ও হল-হোস্টেল সংসদের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইলিয়াছ/চবি