দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনা: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা শুরু

Site Favicon প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭
A+A-
Reset

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে পরিকল্পিত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) তৈরির জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর কাজীপাড়ায় অবস্থিত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ঢাকাস্থ অস্থায়ী কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।
গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি (কিউসিবিএস) অনুসরণ করে সার্ম অ্যাসোসিয়েটস, ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস, সিন্থেসিস আর্কিটেক্টস এবং সিইজিআইএস–এর সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্যোগ (জেভি) প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে চূড়ান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রকল্প পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান চুক্তিতে স্বাক্ষর করেন। পরামর্শক যৌথ উদ্যোগের পক্ষে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম (সার্ম অ্যাসোসিয়েটস), স্থপতি শাকুর মজিদ (ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস), স্থপতি প্যাট্রিক ডি. রোজারিও (সিন্থেসিস আর্কিটেক্টস) এবং সিইজিআইএস-এর একজন প্রতিনিধি চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন, সার্ম অ্যাসোসিয়েটস-এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির শর্ত অনুযায়ী, পরামর্শক প্রতিষ্ঠান আগামী চার মাসের মধ্যে পিরোজপুর পৌরসভার অন্তর্ভুক্ত কদমতলা ও ব্রাহ্মণকাঠি মৌজায় অবস্থিত প্রায় ৭৫ একর জমির ওপর নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আধুনিক ও সমন্বিত মাস্টারপ্ল্যান, বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুত করে জমা দেবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক অবকাঠামো গড়ে উঠবে এবং পরিবেশবান্ধব ও টেকসই একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের পথ সুগম হবে।

আপনার পছন্দ হতে পারে