সাভারের পল্লিবিদ্যুৎ এলাকায় দুই বাসের রেষারেষির ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রাজধানী পরিবহনের স্টাফদের কথা-কাটাকাটির জেরে বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ৯ বাস আটকালো নগর ও পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা।
অভিযোগকারীদের ভাষ্যমতে, পল্লিবিদ্যুৎ এলাকায় বাসে উঠার সময় ইতিহাস ও রাজধানী পরিবহন একে অপরের সাথে রেষারেষি করে। এতে সেখানে উপস্থিত থাকা জাবি শিক্ষার্থীদের আহত হওয়ার শঙ্কায় বাস স্টাফদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেয়। এমতাবস্থায় ক্যাম্পাসে খবরটি জানালে উক্ত বিভাগের শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ৯ টি বাস আটক করে।
উক্ত ঘটনা সম্পর্কে জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “শিক্ষার্থীরা আমার সাথে কথা বলেছে। তারা অভিযোগপত্র দিচ্ছে। একইসাথে রাজধানী পরিবহনের মালিকপক্ষের সাথে কথা হলে শিক্ষার্থীরা ৯ টি বাস ছেড়ে দেওয়ার জন্য সম্মতি দেয়। যে বাসের সাথে ঘটনাটি ঘটে সে বাসের স্টাফরা ক্ষমা চাওয়া সহ তাদের যোগাযোগ করার কথায় বাস ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা সম্মতি দেন। আশা করছি দ্রুত বিষয়টি সমাধান করতে আমরা সক্ষম হব.”