ফের মিটিংয়ের আশ্বাসে পোষ্যকোটা বাতিলের আন্দোলন প্রত্যাহার

Site Favicon প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পোষ্যকোটা ফিরিয়ে আনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিলেন কয়েকজন শিক্ষার্থী। তবে আগামী ৮ মার্চ সব অংশীজনের সঙ্গে সভা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে উপাচার্যের এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন তারা।
আজ বুধবার দুপুর একটার দিকে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষার্থীদের সঙ্গে কথার বলার এক পর্যায়ে উপাচার্যের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বছর আন্দোলনের মুখে পোষ্যকোটা বাতিল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তবে গত সোমবার স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিশ্ববিদ্যালয়ে কর্মরত সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় ভর্তির বিষয়ে বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর আজ উপাচার্য আগামী ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেবেন এমন আশ্বাস দিলে তারা আন্দোলন প্রত্যাহার করেন।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের জানিয়েছি আগামী ৮ মার্চ সব অংশীজনদের সঙ্গে সভা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। আর ১ মার্চ থেকে যে ভর্তি আবেদন চলার কথা সেটি যথারীতি চলবে। সব প্রতিষ্ঠানেই প্রাতিষ্ঠানিক সুবিধা থাকে। এটা পুরোপুরি বাতিল করে দিলে কেউ আদালতে রিট করলে সেটা টেকেনা এমন নজির দেশে অনেক বিশ্ববিদ্যালয়ে আছে।

আপনার পছন্দ হতে পারে