অটিজম একটি জটিল স্নায়বিক বিকাশজনিত অবস্থা, যা মূলত একজন শিশুর সামাজিক যোগাযোগ, ভাষা দক্ষতা এবং আচরণগত বিকাশে প্রভাব ফেলে। বিশ্বজুড়ে যেমন এই বিষয়টি নিয়ে সচেতনতা বাড়ছে, তেমনি বাংলাদেশেও অটিজম নিয়ে আলোচনা, গবেষণা এবং সেবার পরিধি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। তবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এখনও রয়েছে নানা ভুল ধারণা, সামাজিক বাধা এবং কাঠামোগত সীমাবদ্ধতা।
অটিজমের সম্ভাব্য কারণ:
অটিজমের নির্দিষ্ট কোনো একক কারণ নেই। বরং এটি বিভিন্ন জৈবিক ও পরিবেশগত উপাদানের সমন্বয়ে তৈরি হয় বলে গবেষণায় দেখা গেছে। সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে—
১.জিনগত পরিবর্তন বা অস্বাভাবিকতা
২.পরিবেশগত প্রভাব
৩.গর্ভাবস্থায় মায়ের শারীরিক অসুস্থতা
৪.গর্ভাবস্থায় ধূমপান বা মদ্যপান
৫.জন্মকালীন জটিলতা
৬.শিশুর মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি
তবে উল্লেখ্য, এসব কারণ অটিজমের ঝুঁকি বাড়াতে পারে, কিন্তু একে শতভাগ নির্ধারণ করে না।
লক্ষণ ও আচরণগত বৈশিষ্ট্য:
সাধারণত শিশুরা তার চারপাশের পরিবেশ থেকে শেখে। দেখে, শুনে এবং অনুকরণ করে ভাষা ও আচরণ গড়ে তোলে। কিন্তু অটিজম আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা দেখা যায়। যেমন—
১.সামাজিক যোগাযোগে দুর্বলতা
২.কথা বলা শুরু করলেও তা ধরে রাখতে না পারা বা ভুলে যাওয়া
৩.মনোযোগ দিয়ে কথা শুনতে অসুবিধা
৪.নাম ধরে ডাকলেও সাড়া না দেওয়া
৫.দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে না পারা
সংবেদনশীলতায় ভিন্নতা (দেখা, শোনা বা গন্ধে অস্বাভাবিক প্রতিক্রিয়া)
৬.একা থাকতে পছন্দ করা
৭.একই কাজ বা আচরণের পুনরাবৃত্তি
এই লক্ষণগুলো শিশুভেদে ভিন্ন হতে পারে, তাই সময়মতো সনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রাম ও শহরের বাস্তবতা:
বাংলাদেশের প্রেক্ষাপটে অটিজম সচেতনতার ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য বিদ্যমান। শহরাঞ্চলে আধুনিক প্রযুক্তি, উন্নত স্বাস্থ্যসেবা এবং তথ্যপ্রাপ্তির সহজলভ্যতার কারণে অটিজম দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।
অন্যদিকে, গ্রামাঞ্চলে এখনও কুসংস্কার, অজ্ঞতা এবং তথ্যের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে অটিজমকে রোগ নয়, বরং ‘অভিশাপ’ বা ‘অস্বাভাবিকতা’ হিসেবে দেখা হয়, যা শিশুর সঠিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনঃ
আগের তুলনায় বর্তমানে অটিজম নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে এটি কোনো ‘রোগ’ বা ‘বোঝা’ নয়, বরং একটি ভিন্ন ধরনের বিকাশ প্রক্রিয়া।
তবে এখনও অনেক ক্ষেত্রে ভুল ধারণা ও নেতিবাচক মনোভাব রয়ে গেছে। একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে এই মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি।
শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জঃ
অটিজম আক্রান্ত শিশুদের শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের তুলনায় ভিন্ন পদ্ধতির দাবি রাখে। তাদের জন্য প্রয়োজন বিশেষভাবে পরিকল্পিত পাঠ্যক্রম, প্রশিক্ষিত শিক্ষক এবং সহায়ক পরিবেশ।
বাংলাদেশে এই খাতে এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে। দক্ষ শিক্ষক এবং উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে আশার কথা হলো, ধীরে ধীরে বিশেষ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটছে এবং নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
চিকিৎসা ও থেরাপি:
অটিজমের স্থায়ী কোনো চিকিৎসা নেই। তবে সঠিক থেরাপি ও সহায়তার মাধ্যমে একজন শিশুর জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব। প্রচলিত কিছু থেরাপি হলো—
১.স্পিচ থেরাপি: ভাষা ও যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়তা করে
২.অকুপেশনাল থেরাপি: দৈনন্দিন কাজের দক্ষতা ও সংবেদনশীলতা নিয়ন্ত্রণে সাহায্য করে
৩.ফিজিওথেরাপি: শারীরিক নড়াচড়া ও ভারসাম্য উন্নত করে
৪.স্পেশাল এডুকেশন ও গ্রুপ থেরাপি: সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক
তবে এসব সেবার খরচ তুলনামূলকভাবে বেশি হওয়ায় বাংলাদেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য তা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে।
গণমাধ্যমের ভূমিকা:
অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেলিভিশন, পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
বিশেষ করে, অটিস্টিক শিশুদের নিয়ে ইতিবাচক গল্প, সফলতার উদাহরণ এবং সচেতনতামূলক প্রচারণা সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখছে।
পরিবার ও অভিভাবকদের করণীয়:
অটিজম আক্রান্ত শিশুর বিকাশে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিভাবকদের উচিত—
১.শিশুকে বোঝা হিসেবে না দেখা
২.ধৈর্য সহকারে তার আচরণ বোঝার চেষ্টা করা
নিয়মিত উৎসাহ দেওয়া
৩.সহজ ও পরিষ্কার ভাষায় যোগাযোগ করা
৪.প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের সহায়তা নেওয়া
একটি সহানুভূতিশীল ও সমর্থনমূলক পরিবেশই পারে একটি অটিস্টিক শিশুর সম্ভাবনাকে বিকশিত করতে।
শামিম রেজা/ টি এইচ এস