জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে গুম হওয়া ছাত্রনেতা মাজহারুল ইসলাম রাসেল, আল আমিন ও আসাদুজ্জামান রানার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান করা হয়েছে।
গত শুক্রবার জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল এই উদ্যোগে নেতৃত্ব দেন। এ সময় তিনি গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
রবিউল আউয়াল বলেন, ‘গুম হওয়া আমাদের ভাইদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তাদের কষ্ট কিছুটা হলেও ভাগাভাগি করতে আমরা এসেছি। আমরা আশা করি, দ্রুতই নিখোঁজদের সন্ধান পাওয়া যাবে এবং তারা পরিবারের কাছে ফিরে আসবেন।’
এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, গুম হওয়া নেতাদের পরিবারের পাশে ছাত্রদল সবসময় থাকবে এবং তাদের অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
পরিবারের সদস্যরা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিখোঁজদের দ্রুত ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।