জাবি ছাত্রী হত্যার ঘটনায় গ্রেপ্তার নিহতের স্বা মীকে কারগারে প্রেরণ, রিমান্ড শুনানি ২৪ মার্চ

Site Favicon প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ২২:৫৩ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২২:৫৭
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জাহান হত্যার ঘটনায় গ্রেপ্তার তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা ছিদ্দিকার আদালত এই আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান জানান, পুলিশ ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত রিমান্ডের শুনানির তারিখ ২৪ মার্চ নির্ধারণ করে আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত রবিবার দুপুরে সাভারের ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে জাবি শিক্ষার্থী শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমীন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের (চতুর্থ বর্ষ) শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।

ঘটনার পর নিহতের স্বামী, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরবর্তীতে নিহতের চাচা মনিরুল ইসলামের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, প্রেমের সম্পর্কের সূত্রে গত বছরের ২৪ জুন শারমীন ও ফাহিম বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেপ্টেম্বর মাস থেকে তাঁরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ ও কলহ শুরু হয়, যা শারমীন তাঁর পরিবারকেও জানিয়েছিলেন।

গত ১৫ মার্চ বিকেলে ফাহিম নিজেই শারমীনের চাচাকে ফোন করে জানান যে শারমীন গুরুতর অসুস্থ। স্বজনরা বাসায় পৌঁছে শারমীনকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদনে শারমীনের কপালে ও মাথায় গভীর ক্ষত ও রক্তজখমের চিহ্ন পাওয়া গেছে।

আপনার পছন্দ হতে পারে