মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাধারণত ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট, যা সেলসিয়াস স্কেলে ৩৭ ডিগ্রি হয়ে থাকে। সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান ড্রয়েডআপ এমন একটি রোবট তৈরি করেছে, যেটির শরীরের ত্বকের তাপমাত্রা ৯০ থেকে ৯৭ ফারেনহাইট (সেলসিয়াস স্কেলে ৩২ থেকে ৩৬ ডিগ্রি), যা মানুষের শরীরের তাপমাত্রার কাছাকাছি। বায়োমিমেটিক এআই রোবটটির নাম ‘মোয়া’। মানুষের মতো দেখতে রোবটটিতে উষ্ণ ত্বক থাকায় এটি ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাণিজ্যিক খাতে ব্যবহার করা যাবে বলে ধারণা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান ড্রয়েডআপের প্রতিষ্ঠাতা লি কিংডু জানিয়েছেন, মানুষকে সত্যিকারের সেবা দিতে হলে রোবটকে উষ্ণ হতে হবে, যেন মানুষ সেটির সঙ্গে সংযোগ অনুভব করতে পারে। মানুষের মতো হাঁটার ক্ষেত্রে মোয়ার নির্ভুলতা ৯২ শতাংশ। আর তাই ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাণিজ্যিক খাতের পাশাপাশি দৈনন্দিন সঙ্গী হিসেবেও মোয়া রোবট মানুষের পাশে থাকতে পারে।
মোয়ার চোখের পেছনে রয়েছে ক্যামেরা, যার মাধ্যমে এটি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর রোবটটি মানুষের মতো সূক্ষ্ম মুখভঙ্গি প্রকাশ করে স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়াও জানাতে পারে। ড্রয়েডআপের দাবি, মোয়াই হচ্ছে বিশ্বের প্রথম ‘বায়োমিমেটিক এআই রোবট’।
ট্রেনস্টেশন, ব্যাংক, জাদুঘর, শপিং মলসহ বিভিন্ন জনসেবামূলক স্থানে মানুষকে তথ্য দেওয়া, পথ দেখানো বা পরামর্শ দেওয়ার কাজ করতে সক্ষম মোয়া রোবট বাজারে আসবে এ বছরের শেষ নাগাদ। রোবটটির দাম ধরা হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার।
সূত্র: টেক রাডার/প্রথম আলো