জানুয়ারির ফুটবলের দলবদল বাজার সাধারণত একটু শান্তই থাকে। এবারও খুব একটা শোরগোল ছিল না। তবে ইউরোপে দলবদলের শেষ দিনটি ছিল উত্তেজনায় ঠাসা। এটাও অবশ্য চেনা দৃশ্যই। শেষ বেলার জন্যই যেন সব চমক জমিয়ে রাখে ক্লাবগুলো।
ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসাব বলছে, শীতকালীন এই দলবদলে ক্লাবগুলো খরচ করেছে ২০০ কোটি ইউরোর বেশি! বরাবরের মতো এবারও দাপট ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের। প্রায় ৪৫ কোটি ৩০ লাখ ইউরো খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। সবচেয়ে দামি পাঁচটি দলবদলের চারটিতেই জড়িত এই লিগের দলগুলো।
বোর্নমাউথ থেকে ৭ কোটি ২০ লাখ ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আন্টোয়ান সেমেনিও। এবারের শীতকালীন দলবদলে এটিই সবচেয়ে দামি চুক্তি। উলভারহ্যাম্পটন থেকে ইয়রগেন স্ট্র্যান্ড লারসেন ক্রিস্টাল প্যালেসে গেছেন ৫ কোটি ৫০ লাখ ইউরোতে। অন্যদিকে ওয়েস্ট হাম থেকে লুকাস পাকেতার ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে ফিরে যাওয়াটা আছে তালিকার তিনে। তাঁকে পেতে ফ্ল্যামেঙ্গোর খরচ হয়েছে ৪ কোটি ২০ লাখ ইউরো।
লক্ষণীয় বিষয় হচ্ছে, বিশ্বের বড় ক্লাবগুলো এই দলবদলে ব্যাংক অ্যাকাউন্টে হাতই দেয়নি। বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা—এই ক্লাবগুলো হয়তো গ্রীষ্মকালীন দলবদলের জন্য টাকা জমিয়ে রাখছে।
দলবদলে সবচেয়ে খরুচে ক্লাব
বিশ্বের শীর্ষস্থানীয় লিগগুলোর দলবদলের সময় শেষ হয়ে গেলেও কোনো কোনো দেশে এখনো কেনাবেচার সুযোগ রয়ে গেছে। যেমন তুরস্কে শুক্রবার পর্যন্ত খেলোয়াড় কেনা যাবে। ব্রাজিলে সময় আছে ৩ মার্চ পর্যন্ত এবং যুক্তরাষ্ট্রের এমএলএসে খেলোয়াড় নেওয়া যাবে ২৬ মার্চ পর্যন্ত। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই দলবদল বাজার শেষ। ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি খরচ করেছে ম্যানচেস্টার সিটি।
সেমেনিওকে কিনতেই সিটির সিংহভাগ (মোট খরচ ৯ কোটি ৫০ লাখ ইউরো) খরচ হয়ে গেছে। এ ছাড়া ক্রিস্টাল প্যালেস থেকে ২ কোটি ৩০ লাখ ইউরোতে তারা দলে ভিড়িয়েছে মার্ক গেহিকে। সিটির পর দ্বিতীয় স্থানে আছে ক্রিস্টাল প্যালেস (৯ কোটি ইউরো)। দলবদলের শেষ দিনে ২ কোটি ৫০ লাখ ইউরোতে করিম বেনজেমাকে দলে টেনে চমক দেখিয়েছে আল হিলাল, তারা আছে তালিকার তিনে।
খরচে কোন লিগ এগিয়ে
টাকা ওড়ানোর প্রতিযোগিতায় যথারীতি প্রিমিয়ার লিগই শীর্ষে। ইংলিশ এই লিগের ক্লাবগুলো মোট ৪৫ কোটি ৩০ লাখ ইউরো ঢেলেছে। দ্বিতীয় স্থানে আছে ইতালির সিরি ‘আ’। তাদের মোট খরচ ২৪ কোটি ৪০ লাখ ইউরো। ইতালির বাজারে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন লরেঞ্জো লুকা। ২ কোটি ৬০ লাখ ইউরোতে তিনি উদিনেসে থেকে নাপোলিতে যোগ দিলেও এরই মধ্যে ধারে নটিংহাম ফরেস্টে চলে গেছেন।
এবার দলবদলে নিজেদের আর্থিক শক্তি জানান দিয়েছে ব্রাজিল। তাদের শীর্ষ লিগ সিরি ‘আ’র ক্লাবগুলো খরচ করেছে ২০ কোটি ২০ লাখ ইউরো। তবে ব্রাজিলের দলবদলের বাজারের দরজা আরও মাসখানেকের মতো খোলা থাকবে, তাই এই অঙ্কটা আরও বাড়বে অবশ্যই। ৪ নম্বরে আছে যুক্তরাষ্ট্রের এমএলএস। তাদের খরচ ১৪ কোটি ৪০ লাখ ইউরো এবং সেখানে দলবদল চলবে আরও ৫১ দিন। তালিকার পাঁচে ফ্রান্সের লিগ আঁ, তাদের খরচ ১০ কোটি ৫০ লাখ ইউরো।