খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাইল্ল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জয় ত্রিপুরা (২৫)। তিনি গুইমারা সিন্দুকছড়ি ইউনিয়নের পুঙ্খিমুড়া এলাকার কারবারি (পাড়াপ্রধান) কৃপাচার্য ত্রিপুরার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা হনেসা ত্রিপুরা (১৯) নামের একজন আহত হয়েছেন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার পাড়ার মনোহরি ত্রিপুরার ছেলে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বাসের সঙ্গে সংঘর্ষের পর গুরুতর আহত একজনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। আহত অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত হনেসা ত্রিপুরা বলেন, তাঁরা দুজন মোটরসাইকেলে বাইল্ল্যাছড়ি থেকে পাশের গ্রামে যাচ্ছিলেন। ওই এলাকার গ্রামীণ সড়ক থেকে মূল সড়কে উঠতেই যাত্রীবাহী শান্তি পরিবহন নামের একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তিনি মোটরসাইকেলের পেছনে থাকায় বেঁচে যান।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনার পর শান্তি পরিবহনের চালক ও সহকারী পলাতক। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।