১৮ কোটি টাকার ঘড়িতে অনন্ত আম্বানির ভাস্কর্য

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৯
A+A-
Reset

ঘড়ি মূলত সময় বলা যন্ত্র। তবে অনুষঙ্গ থেকে অলংকার হয়ে ওঠার যাত্রা অনেক দীর্ঘ। এককালে শৌখিন ধনী ব্যক্তি ছাড়া আর কেউ ঘড়ি ব্যবহার করতেন না। সময়ের সঙ্গে সঙ্গে ক্রয়মূল্য কমতে থাকে, সব শ্রেণির মানুষের হাতের নাগালে চলে আসে ঘড়ি। তাতে অবশ্য ঘড়ির আবেদন বিন্দুমাত্রও কমেনি।

ঘড়ি কেবল ব্যবহারকারীর রুচি, ব্যক্তিত্ব ও আভিজাত্যই প্রকাশ করে না; ব্যক্তির সামাজিক মর্যাদাও নির্ধারণ করে। তাই অভিনেতা থেকে খেলোয়াড়, বিলিয়নিয়ার ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের উচ্চপদস্থ ব্যক্তিরা হাত খুলে খরচ করেন বিলাসবহুল হাতঘড়ির পেছনে।

এমনই এক ব্যতিক্রমী ঘড়ি তৈরি করেছে বিলাসবহুল ঘড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো.। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি পরিবারের পরিচালিত বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ‘বান্তারা’কে থিম করে প্রতিষ্ঠানটি তৈরি করেছে এই বিশেষ ঘড়ি। ঘড়িটির ডায়ালে হাতে তৈরি করে বসানো হয়েছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ভাস্কর্য। যে বান্তারা প্রকল্পকে কেন্দ্র করে ঘড়িটির নকশা, সেটি অনন্ত আম্বানিরই মালিকানাধীন।

‘জ্যাকব অ্যান্ড কো.’–এর নকশায় তৈরি এ ঘড়ির মাঝখানে একটি চেয়ারে বসা অনন্ত আম্বানির ভাস্কর্যের চারপাশে স্থাপন করা হয়েছে একটি সিংহ ও একটি বেঙ্গল টাইগারের ক্ষুদ্র ভাস্কর্য।

নির্মাতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘড়িটির দাম প্রকাশ করেনি। তবে ঘড়িশিল্প-সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ওয়াচোপিয়ার তথ্য অনুযায়ী, এর আনুমানিক মূল্য ১৫ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা ১৮ কোটি ২৬ লাখ টাকার বেশি।

প্রতিষ্ঠানটির দাবি, ঘড়িটি অনন্ত আম্বানির মালিকানাধীন ব্যক্তিগত বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বান্তারার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। ঘড়িটির ছবি প্রকাশের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জ্যাকব অ্যান্ড কো. জানায়, ঘড়িটি বান্তারার প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে নির্মিত এবং ঘড়ির ডায়ালে থাকা অনন্ত আম্বানির ভাস্কর্য ‘দায়িত্বশীলতা ও তত্ত্বাবধানের প্রতীক’।

নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, ঘড়িটি তৈরি করা হয়েছে মোট ৩৯৭টি মূল্যবান পাথর দিয়ে। এর মধ্যে আছে হীরা, সবুজ নীলা, গারনেটসহ নানা ধরনের রত্ন।
‘ভারতে জ্যাকব অ্যান্ড কো.’–এর খুচরা বিক্রয় অংশীদার প্রতিষ্ঠান ইথোস ওয়াচেসের সঙ্গে সংশ্লিষ্ট এক নির্বাহী বিবিসিকে জানান, ঘড়িটির দাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং এটি এখনো দোকানে বিক্রির জন্য আনা হয়নি।

ঘড়িটি অনন্ত আম্বানির মালিকানাধীন ব্যক্তিগত বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বান্তারার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে
ঘড়িটি অনন্ত আম্বানির মালিকানাধীন ব্যক্তিগত বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বান্তারার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছেছবি: ইনস্টাগ্রাম থেকে
উল্লেখ্য, গত বছর অবৈধভাবে প্রাণী সংগ্রহ ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ‘বান্তারা’আলোচনায় আসে। তবে ভারতীয় সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি তদন্ত দল পরবর্তী সময়ে এসব অভিযোগের কোনো প্রমাণ পায়নি।

প্রায় সাড়ে তিন হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত এই কেন্দ্রে সিংহ, হাতি, বাঘসহ দুই হাজারের বেশি প্রাণী বাস করে। কেন্দ্রটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। গুজরাটের জামনগরে অবস্থিত বান্তারা মুকেশ আম্বানির মালিকানাধীন বিশ্বের বৃহত্তম তেল পরিশোধনাগারের কাছেই অবস্থিত। গত বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কেন্দ্রের উদ্বোধন করেন।

২০২৪ সালে অনন্ত আম্বানির জাঁকজমকপূর্ণ প্রাক্-বিবাহ অনুষ্ঠানের একটি ভেন্যুও ছিল বান্তারা, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এসব অনুষ্ঠানে বলিউডের শীর্ষ তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কিম কার্ডাশিয়ান, রিয়ানা, বিল গেটস, মার্ক জাকারবার্গ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসন। অনুষ্ঠানে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী জ্যারেড কুশনারের মতো ব্যক্তিরা।

সূত্র: বিবিসি

 

আপনার পছন্দ হতে পারে