গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

Site Favicon প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ২০:০২
A+A-
Reset

ডা. জাফরুল্লাহ চৌধুরী আদর্শ ও নেতৃত্বচিন্তার স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কলেজ পর্যায়ের বিতার্কিকদের অংশগ্রহণে আজ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হয় গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) আয়োজনে ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৬’। এ প্রতিযোগিতায় আন্তঃকলেজ পর্যায়ের মোট ২০টি দল অংশ নিয়েছে।

জিবিডিএসের উপদেষ্টা ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো: এখলাস উদ্দিন বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখে। জিবিডিএস নিয়মিত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করছে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর দর্শন ছিল—সব শ্রেণির মানুষের জন্য শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা। সেই চিন্তা থেকেই গণ বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ছাত্র সংসদ চালু করা হয়। বিতর্কচর্চাও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।

জিবিডিএসের সভাপতি আরিফুল ইসলাম বুলবুল বলেন, ৩২ একরের ক্যাম্পাসে গড়ে ওঠা জিবিডিএস একটি ব্যতিক্রমী সংগঠন। এই সংগঠন শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি কার্যকর ক্ষেত্র হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

আপনার পছন্দ হতে পারে