পবিপ্রবি হলে কক্ষ সংকট: প্রভোস্ট অফিসে তালা, আশ্বাসে স্থগিত আন্দোলন

Site Favicon প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ০৪:১৮
A+A-
Reset

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে দীর্ঘদিনের কক্ষ সংকটের প্রতিবাদে প্রভোস্ট অফিসে তালা দিয়ে আন্দোলনে নামেন হলের শিক্ষার্থীরা। কক্ষ বরাদ্দ না পাওয়ার জন্য‌ই এ কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল প্রায় ৫টার দিকে বিজয় ২৪ হলের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন। এ সময় প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট হল অফিসে উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে রেখেই অফিসে তালা দেন।
শিক্ষার্থীরা জানান, প্রায় দেড় বছর ধরে তারা গণরুমে অবস্থান করছেন। বর্তমানে মোট শিক্ষার্থীদের প্রায় অর্ধেক কক্ষ পেলেও বাকিরা এখনো কক্ষবিহীন। ২০২৫ সালের জুলাই মাসে আলাদা কক্ষ দেওয়ার আশ্বাস পেলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশা জমতে থাকে। এতে তাদের পড়াশোনা ও স্বাভাবিক ছাত্রজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মাসুদুর রহমান এবং সহকারী প্রভোস্ট মো. ফয়সাল ও মো. মোতাসিম।
এ বিষয়ে প্রভোস্ট ড. মাসুদুর রহমান বলেন, “হল প্রশাসন শুরু থেকেই কক্ষ সংকট নিরসনে কাজ করছে। আজকেই শিক্ষার্থীদের জন্য দুটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি আগামী রবিবারের মধ্যেই বাকি শিক্ষার্থীদের কক্ষে ওঠার ব্যবস্থা সম্পন্ন করা যাবে।”
প্রভোস্টের এই আশ্বাসের পর শিক্ষার্থীরা তালা খুলে আন্দোলন স্থগিত করেন।
উল্লেখ্য, শুধুমাত্র কক্ষ বরাদ্দ না পাওয়ার বিষয়টিকেই কেন্দ্র করে শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আপনার পছন্দ হতে পারে