বাকৃবি বিজনেস কম্পিটিশনে রানার্স-আপ পবিপ্রবির ‘টিম ব্রেনিয়াক্স’

Site Favicon প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ১৭:৩৬ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৭:৩৭
A+A-
Reset

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত জাতীয় পর্যায়ের বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দল ‘টিম ব্রেনিয়াক্স’ (Team Brainiacs)। দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের ২১২টি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে দ্বিতীয় স্থান অধিকার করে তারা।

​দীর্ঘ এক বছর ধরে চলা এই প্রতিযোগিতায় মোট চারটি ধাপে যাচাই-বাছাই সম্পন্ন হয়। চূড়ান্ত পর্যায়ে বিচারকদের রায়ে পাঁচটি দলকে পুরস্কৃত করা হয়। টিম ব্রেনিয়াক্স ছাড়াও চূড়ান্ত তালিকায় স্থান করে নেওয়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ)।

​সাফল্যজয়ী ‘টিম ব্রেনিয়াক্স’-এর সদস্যরা হলেন কৃষি অনুষদের নাফিস উদ্দিন ও অর্ণব সমাদ্দার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের উদিতা সরকার চন্দ্রবিন্দু। দলটি এর আগেও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় দক্ষতার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
​সাফল্যের অনুভূতি ব্যক্ত করে দলের অন্যতম সদস্য নাফিস উদ্দিন বলেন, “অন্যান্য প্রতিযোগিতার তুলনায় এটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। দীর্ঘ এক বছর ধরে প্রতিটি ধাপ অতিক্রম করে আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। আমাদের উদ্ভাবনী আইডিয়া নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যথাযথ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে আমরা আমাদের আইডিয়াকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করতে পারব।”

​পবিপ্রবি শিক্ষার্থীদের এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনন্দন বার্তায় ভাসছেন বিজয়ীরা।

আপনার পছন্দ হতে পারে