শাকসু- ব্রাকসু স্থগিতে উত্তাল বেরোবি ক্যাম্পাস; শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Site Favicon প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ১২:৩০
A+A-
Reset

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্ররাজনীতি ও শিক্ষার্থীদের অধিকার প্রশ্নে আবারও উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ব্রাকসু ও শাকসু শিক্ষার্থী সংসদ নির্বাচন স্থগিত ও বানচালের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বেরোবির প্রধান গেট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি কৃষ্ণচূড়া রোড হয়ে শহীদ আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে পুনরায় মেইন ফটকে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, হারার ভয়ে খেলে না, সে কথাতো বলে না। হাইকোর্ট না সংসদ, সংসদ সংসদ। মব করে ছাত্র সংসদ বন্ধ করা যাবে না। আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী আহমাদুল হক আলভী বলেন, যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করলেও তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে সেই গোষ্ঠী শাকসু ও ব্রাকসু নির্বাচন বন্ধের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শাকসু নির্বাচন বন্ধে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ ও প্রশাসনিক ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি ফ্যাসিবাদী রাজনীতির অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আরেক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, শাকসু নির্বাচন স্থগিত করা পেশিশক্তি প্রয়োগের ফল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, এখনো কোনো দল ক্ষমতায় না আসার পরও এমন আচরণ উদ্বেগজনক। প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে ছাত্র সংসদ গঠন করা না হলে তাদের আন্দোলন চলবে।
তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, শাকসু নির্বাচন ২০ তারিখেই অনুষ্ঠিত হতে হবে এবং ব্রাকসু নির্বাচন নির্ধারিত সময়মতো আয়োজন করতে হবে। বিতর্কিত নির্বাচন কমিশন, ভুল ভোটার তালিকা বা অন্যান্য অজুহাতের কারণে আর কোনো অনিয়ম গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা চায় স্বচ্ছ, সুষ্ঠু ও সময়মতো নির্বাচন।

আপনার পছন্দ হতে পারে