জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শাখা ছাত্রদল নেতা রাজু মিয়া রাজনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
একইসাথে ২০ জন হাফেজে কুরআনের মাধ্যমে পবিত্র কুরআন খতম করা হয়। খতম শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ এবং কবরবাসী সকল মুমিন-মুসলমানের মাগফিরাত কামনায় সম্মিলিত দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মাহফিল শেষে জাবি ছাত্রদলের আহবায়ক সদস্য রাজন মিয়া জানান, “আমাদের প্রিয় নেত্রীকে হারিয়ে আমরা সত্যি মানসিক ভাবে ভেঙে গিয়েছি। আমাদের নেত্রী ছিলো আমাদের কাছে একটা আস্থার জায়গা। আজকে সারা বাংলাদেশ একজন অভিভাবক শূন্য হয়ে গেছে। আমরা চাই আমাদের নেত্রী সবসময়ই যেভাবে আগলে রেখেছিল বাংলাদেশের মানুষকে ঠিক সেভাবে আগলে রাখুক জনাব তারেক রহমান।আজকে আমরা কোরআন খতম, দোয়া ও মিলাদের মাধ্যমে প্রিয় নেত্রীর জন্য দোয়া করেছি যাতে আল্লাহ তা’আলা জান্নাতের সর্বোচ্চ মোকামে প্রিয় নেত্রীকে জায়গা দেয়।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “আমাদের নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। আজকে আমাদের ছোট ভাই রাজন উনার মাগফেরাত কামনায় এ উদ্যোগ নিয়েছে। আমাদের প্রত্যেক নেতাকর্মী নিজ নিজ উদ্যোগে নেত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করছে। একইসাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল থেকে কবর জিয়ারতসহ এক সপ্তাহব্যাপি নানা আয়োজন রয়েছে।”
এছাড়াও দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রিযাদ, আহ্বায়ক কমিটির সদস্য বিন্দু, মোহাম্মদ রাজন মিয়া, মাহাবুব রহমান মুরাদ, হাসান হাবিব, মোঃ রোকনুজ্জামান, মোঃ ওয়াজেদ হোসেন শরীফ, আব্দুল গাফফার জিসান, মেহেদী, রাফিদ, সোহাগ আহমেদ, সাইফ বিন মাহবুব, আসিক, আবদুল্লাহ আলিফ, মানিক, সাব্বির হোসেন, সাকিব হোসেন, মেফতাহুল জান্নাত সাদিকসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা।