কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। তিনটি ইউনিটে মোট ৯৬ হাজার ৬১২ জন শিক্ষার্থী আবেদন করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ২৪৭টি। ফলে এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ১৫৪ জন শিক্ষার্থী। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৫৬৪ জন, যেখানে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ৯৬ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে লড়বেন ১২ হাজার ৮০১ জন শিক্ষার্থী; অর্থাৎ আসনপ্রতি লড়বেন ৬৪ জন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘গতকাল আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার ভর্তি পরীক্ষা কুমিল্লা এবং রাজশাহী দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী ৩০ জানুয়ারি, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। কুমিল্লার পাশাপাশি এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।