জাবিতে হাদির মৃত্যুতে জাকসুর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Site Favicon প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯
A+A-
Reset
জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের অগ্রনায়ক শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত ও শাহাদাতের মর্যাদা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুম শরীফ ওসমান বিন হাদির আত্মার শান্তি, মাগফিরাত এবং শহিদ হিসেবে মর্যাদা দান কামনা করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, “ন্যায়, স্বাধীনতা ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শরীফ ওসমান বিন হাদির ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “তাঁর আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।”
দোয়া মাহফিল শেষে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং দেশ ও জাতির শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার পছন্দ হতে পারে