কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’-এর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ অঞ্চলের ১৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৬ জন নির্বাচিত শিক্ষার্থী ৪২ টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এর মধ্য থেকে সেরা ৩ টি উদ্ভাবন আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়।
কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্প আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব সামসুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) জনাব ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক (উপসচিব) জনাব সেঁজুতি ধর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। এ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মফিজুল ইসলাম, উপাধ্যক্ষ, পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি শিক্ষা অধিদপ্তর। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত আছেন জনাব মোঃ কেপায়েত উল্লাহ, অধ্যক্ষ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট।
‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি, কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক একটি সেমিনার এবং দিনশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং ময়মনসিংহ জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন কারিগরি, মাদ্রাসা ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, শিল্পকারখানা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
এর আগে, স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্ব গত ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী ২১১ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০,০০০ শিক্ষার্থী ৩,২০৯ টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এ পর্যায়ে প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৩টি করে প্রকল্প আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই করা হয়। প্রতিযোগিতাটির জাতীয় ও চূড়ান্ত পর্ব আগামী ২৭ ডিসেম্বর তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সারাদেশের ৮টি অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা থেকে নির্বাচিত মোট ৫০টি উদ্ভাবনী প্রকল্প এতে অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।