কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন সেগমেন্টের বিজয়ী ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া সপ্তাহের সমাপ্তি হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায় হলের টিভি রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন এককে বিজয়ী হয়েছেন সৈকত ও রানার্সআপ জয় রয়। দ্বৈতে সাগর-জয় চ্যাম্পিয়ন ও দিদার – মাহিন রানার্সআপ। টেবিল টেনিস এককে মিলন চ্যাম্পিয়ন ও আজহার রানার্সআপ। দ্বৈতে মিলন-শাহনুর চ্যাম্পিয়ন এবং আজহার- প্রান্ত রানার্সআপ। দাবায় বাসেদ চ্যাম্পিয়ন ও সাজ্জাদ রানার্সআপ। ক্যারম এককে ইমরদন চ্যাম্পিয়ন ও হারিস রানার্সআপ, দ্বৈতে সোহেল -জিসান চ্যাম্পিয়ন ও জাহেদ -সোহাগ রানার্সআপ। কার্ডে চ্যাম্পিয়ন সাজ্জাদ- হাবিবুল্লাহ ও নিবির- রানা রানার্সআপ,ডার্ট থ্রো তে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর মো: আল-আমীন ও প্রভোস্ট মো: জিয়া উদ্দিন এবং তৃতীয় স্থান অধিকার করেছে সৌরভ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট জিয়া উদ্দিন। সঞ্চালনায় ছিলেন নাজমুল হাসান ফাহিম। অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট জিয়া উদ্দিন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত আজকের সম্পূর্ণ অনুষ্ঠানটিতে থাকতে পেরে। আমাদের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি খুব সুন্দর সম্পন্ন হয়েছে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। আন্তহল বিতর্কে বিজয়ী ও অংশগ্রহণকারী উভয় দলকেই অভিনন্দন। ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টগুলো কোনো নেগেটিভিটি ছাড়াই সুশৃঙ্খলভাবে হয়েছে -এর কৃতিত্ব শিক্ষক, হাউস টিউটার ও হলে থাকা পরিশ্রমী শিক্ষার্থীদের।’
তিনি আরও বলেন, ‘হলের উন্নয়ন কাজের মধ্যে পিছনের সিঁড়ি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে, প্রকল্প জমা পড়েছে—খুব শিগগিরই কাজ শুরু হবে। বড় রিডিং রুম ও অতিথি কক্ষের পরিকল্পনাও আছে, যদিও কিছু স্থাপত্যগত সীমাবদ্ধতা রয়েছে। ওয়াইফাই সমস্যাটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাধানের অপেক্ষায়। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই পর্দার আড়ালের কর্মীদের—ডাইনিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সকল স্টাফদের। দশ বছর ধরে সেবা দেওয়া বিপ্লবের জন্য আমাদের শুভকামনা । ধৈর্য, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাব ধরে রাখলে আমাদের হল আরও সুন্দর ও শক্তিশালী হবে—এটাই আমার প্রত্যাশা।’