জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় ছাত্রশক্তির নবীনবরণ অনুষ্ঠান ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন দাওয়াত পেলেও দাওয়াত পায়নি ইসলামী ছাত্রশিবির।
গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দিন মুক্তমঞ্চে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা।
দাওয়াত দেওয়া প্রসঙ্গে জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, নবীনবরণ ও কমিটি ঘোষণার প্রোগ্রামে সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু একটা রাজনৈতিক সংগঠন কাকে ফর্মালি দাওয়াত দিবে এটা তাদের ব্যাপার। তবে আমরা সবার জন্যই উন্মুক্ত রেখেছিলাম প্রোগ্রামটা, কারো জন্য বাধ্যবাধকতা ছিলনা আসার জন্য।
এ প্রসঙ্গে ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তর) আবু তৌহিদ মো: সিয়াম বলেন, এটা খুবই স্পষ্ট যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা এই বাংলাদেশ ভূখণ্ডকে ধারণ করে রাজনীতি করবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি ইসলামি ছাত্রশিবিরের বহু আচরণ কিংবা বক্তব্যে আমরা দেখেছি তাদের যে ৭১-এ দেশের স্বাধীনতা বিরোধী একটি ভুল অবস্থান ছিলো, তারা এখনো সেই অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে এই বিজয়ের মাসে যাদের পূর্বসুরিরা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদেরকে সাথে নিয়ে এক স্টেজে বিজয়ের প্রোগ্রাম করা উচিত না।
তিনি আরও বলেন, শুধু বিজয়ের মাস বলে এমন না। আমরা বিগত এক বছর ধরে তাদের কার্যক্রম দেখছি। জামাত-শিবির ধর্মের নামে একটি সামাজিক ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করছে। সবকিছু বিবেচনা করে আমরা মনে করেছি যে তাদের সাথে এমন একটি প্রোগ্রাম করা উচিত না।