মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবি ও তার ভক্তদের ওপর হামলাসহ সারাদেশে বাউল-ফকিরদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার রাত আটটার দিকে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হোসাইন।
সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন বলেন, গত দুবছর ধরে আমরা লাগাতার দেখেছি মাজারে হামলা হচ্ছে, সুফি-বাউলদের ওপর হামলা হচ্ছে, যারা ভিন্ন মতের অনুসারী যারা বাউল ফকির তাদের রাস্তায় ধরে ধরে চুল কেটে দেওয়া হচ্ছে। এই যে একটি স্বাধীন রাষ্ট্রে একজন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতার ওপর আক্রমণ একজন ব্যক্তির ভিন্ন মতের ওপর আক্রমণ; এই আক্রমণ আসলে স্বাধীন রাষ্ট্রে গণ-অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় কোনোভাবেই কাম্য ছিল না। কিন্তু খুব আফসোসের ব্যাপার যে এই যে দুবছর ধরে এতগুলো হামলা হচ্ছে একটি হামলারও কোনোরকম সুষ্ঠু তদন্ত কিংবা সুষ্ঠু বিচার এই ইন্টারিম সরকার দেখাতে পারেনি। অর্থাৎ আমরা আবারও সেই ফ্যাসিস্ট রেজিমের মতো একটি বিচারহীনতার দৃষ্টান্তের মধ্যে পড়ে আছি। সেই বিচারহীনতার আমরা ধিক্কার জানাই।