জাবিতে মোটরসাইকেল নিয়ে আসলে করা হবে জব্দ, নেওয়া হবে ব্যবস্থা

Site Favicon প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১৪:২৯
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে আসা মাত্র প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা কর্তৃক মোটরসাইকেল জব্দ করা হবে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে জাবি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তালিম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক ও অভিভাবকগণকে জানানো যাচ্ছে যে, ইতোপূর্বে শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধ করার নোটিশ দেয়া সত্ত্বেও গত ১৮ নভেম্বর দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের দুইজন শিক্ষার্থী (রোল-৩০৭০ ও ৩১৯৭) মোটরসাইকেলে ক্যাম্পাসে চলাচলের সময় দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন ছাত্রী গুরুতর আহত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জাকসুর নেতৃবৃন্দের সম্মিলিত পদক্ষেপে সংশ্লিষ্ট অভিভাবক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ২ জন শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীদের মুচলেকার মাধ্যমে মুক্ত করা হয়। ভবিষ্যতে কোন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে আসা মাত্র প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা কর্তৃক মোটরসাইকেল জব্দ করা হবে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্র-ছাত্রীদেরকে প্রতিষ্ঠানে মোটরসাইকেল নিয়ে প্রবেশ না করার জন্য এবং বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রয়োজন ব্যতীত শিক্ষার্থীদের ঘোরাফেরা না করার জন্য পুনরায় নির্দেশ দেয়া হলো। অভিভাবকগণকে এ ব্যাপারে স্ব-স্ব পোষ্যদের সতর্ক ও সচেতন করার জন্য এবং শিক্ষকগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের গেটসমূহ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যেন মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার পছন্দ হতে পারে