শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষণা করা লকডাউন কর্মসূচির সম্ভাব্য প্রভাব বিবেচনায় আগামী ১৬ ও ১৭ নভেম্বর (রবিবার ও সোমবার) সব পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পরিবহন সেবা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। তবে ক্লাসসমূহ যথারীতি অনলাইনে চলবে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশে জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—
‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টার দপ্তর, প্রক্টোরিয়াল দপ্তর, বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা, পরিবহন প্রশাসক ও শিক্ষার্থীদের সঙ্গে শনিবার রাত ৯টায় অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী রোববার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে। ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট সভাপতি ও ডিন সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনে অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস নেওয়া যেতে পারে। রোববার ও সোমবারের পরীক্ষাসমূহ শুক্র ও শনিবার নেওয়া যেতে পারে। এছাড়া আগামী রবিবার পরিবহন সেবা বন্ধ থাকবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়—
‘রোববার পরিবহন সেবা বন্ধ থাকবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।