সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফি ১০০ টাকা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ২০:২৫ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ২১:১৪
A+A-
Reset

ঢাকা মহানগরীসহ সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। আবেদন ফি ধরা হয়েছে ১০০ টাকা।

আজ শুক্রবার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের জন্য পৃথক দুই বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

দুটি বিজ্ঞপ্তিতেই সই করেছেন মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বলা হয়েছে, ভর্তির আবেদন শুধুমাত্র টেলিটকের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন শুরু হবে আগামী ২১ নভেম্বর সকাল ১১টায়, যা চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফির ১০০ টাকা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে।

আবেদনে প্রতিষ্ঠান নির্বাচনের সময় থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে। প্রতিটি আবেদনে শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

২০২৬ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল দৈবচয়ন (লটারি) প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান নির্ধারণ করে দেওয়া হবে।

সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) ও gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

আপনার পছন্দ হতে পারে