জাবি অধ্যাপক নাহরীন খানকে ফেসবুকে অশ্লীল মন্তব্যকারীর বিচার দাবি ছাত্রদলের

Site Favicon প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ১২:৩৮
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খানকে ফেসবুকে বিরুপ ও অশ্লীল মন্তব্যকারীকে বিচারের দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর লিখিত স্মারকলিপি দিয়েছেন তারা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিশেষ রাজনৈতি মতাদর্শের ব্যক্তির আইডি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট চিন্তক ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিত্ব নাহরিন আই খান-এর বিরুদ্ধে বিদ্রূপপূর্ণ, বিরুপ ও অশ্লীল মন্তব্য করা হয়েছে। এ ধরনের আচরণ কেবল ব্যক্তিগতভাবে অধ্যাপক নাহরিন আই খানের মানহানি নয়, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, শিক্ষাঙ্গনের সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপরও নেতিবাচক প্রভাব ফেলেছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি জানান তারা। তাদের দাবিগুলো হলো- ঘটনার দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজের মর্যাদা রক্ষায় প্রশাসনিকভাবে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা এবং বিশ্ববিদ্যালয় প্রসাশনের পক্ষ থেকে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।

আপনার পছন্দ হতে পারে