আগামীকাল বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামীলীগের দেওয়া কর্মসূচির যেকোনো অপতৎপরতা রুখে দিতে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) প্রতিনিধিরা।
বুধবার রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মোটরসাইকেল করে ক্যাম্পাসে শোডাউন শুরু করেন তারা। রাত বারোটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সবকয়টি ফটকে জাকসুর নেতা-কর্মীরা অবস্থান নিয়ে সতর্ক পাহারায় থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।
একই বিষয়কে কেন্দ্র করে রাত সাড়ে এগারোটার দিকে বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা-কর্মীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান নেন।
এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক ( জিএস) মাজহারুল ইসলাম বলেন, ’আগামীকাল পতিত স্বৈরাচার খুনি হাসিনার রায়কে ঘিরে আওয়ামীলীগ এবং তার দোসররা বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছে। আমরা আশা করছি আগামীকাল খুনি হাসিনার যে রায় হবে সেখানে বাংলাদেশের মানুষ ন্যায্যতা পাবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বার্তা দিতে চাই, আমরা আওয়ামীলীগ এবং তার দোসরদের প্রশ্নে সবাই একতাবদ্ধ থাকবো।’