ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন— ‘শতবর্ষী ঋত্বিক ঘটক’।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি আজ বিকেল ৫টায়, শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ, চলচ্চিত্র পরিচালক আকরাম খান, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম এবং শিল্পকলা একাডেমির পরিচালক শাহীন দিল রিয়াজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
সেখানে আলোচনার পাশাপাশি প্রদর্শিত হয়েছে ঋত্বিক ঘটকের কালজয়ী সৃষ্টি ‘তিতাস একটি নদীর নাম’।
এই আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে সিনেমার ভাষায় মানবতার চেতনা তুলে ধরা এক অসামান্য চলচ্চিত্রকারকে।