নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহতের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের বিক্ষোভ

Site Favicon প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ ২১:২৩
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে  শ্রমিক নিহতের ঘটনায় প্রতিবাদ এবং নির্মাণকাজে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল প্রগতিশীল শিক্ষার্থী

রবিবার দুপুরে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। মাস্টারপ্ল্যানবিহীন এইসব প্রজেক্ট একেকটা মৃত্যুকূপে পরিণত হয়েছে।

সমাবেশটি সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান শুভ। তিনি বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২ জন নির্মান শ্রমিক নিহত হয়েছেন। এই প্রশাসনের এক বছরের মধ্যে দুইজন শ্রমিক প্রাণ হারিয়েছে। এই দুইজন শ্রমিকের প্রাণ হারানোর দায় আমাদের বিশ্ববিদ্যালয় কিভাবে নিয়েছেন তা আমরা দেখতে পাচ্ছি। একাধিক ব্যাক্তি যে বিশ্ববিদ্যালয়ে প্রাণ হারিয়েছেন, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ কি তা আমরা দেখতে পারি না। আমরা দেখছি সকল উন্নয়ন কাজ এখনো বহাল চলছে কোনো ধরনের সেফটি সরঞ্জাম ছাড়া। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মাস্টারপ্ল্যান ছাড়া নির্মাণকাজ যেন না হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই মৃত্যুর দায় নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকজন ব্যক্তি, কর্মচারী, শ্রমিক প্রত্যেকটা প্রাণের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কোনো প্রাণ যদি হারিয়ে যায় তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সজিব আহমেদ বলেন, মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণ চলছে বলেই একের পর এক শ্রমিক মৃত্যুর মুখে পড়ছে। মাস্টারপ্ল্যান হলে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেফটি-সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ভবন নির্মাণ কাজ চলমান থাকতো। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজে শ্রমিকদের হেলমেট, সেফটি নিশ্চিত করেনি। তাদের গাফিলতির কারণে শ্রমিক পড়ে মারা গেল। এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অবিলম্বে তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে এবং নিহত শ্রমিক পরিবারকে উপযুক্ত পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করার দাবি জানাচ্ছি।

আপনার পছন্দ হতে পারে