‘দম’ সিনেমায় অভিনেতা আফরান নিশো যেন সত্যিই হয়ে উঠেছেন সিনেমাটির নামের প্রতীক। নিজের সীমা ভেঙে, নিজেই যেন নিজের সঙ্গে লড়ছেন।
২৯ শেষ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে রেদওয়ান রনি পরিচালিত নতুন চলচ্চিত্র ‘দম’-এর মহরত। আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক নিজে, চঞ্চল চৌধুরী, পূজা চেরীসহ পুরো ‘দম’ সিনেমার দল। সেখানেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়, ‘দম’ সিনেমা এবং আফরান নিশোর বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরী।
মহরতের আনুষ্ঠানিকতা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে নিশো জানালেন তাঁর সিনেমা নিয়ে প্রস্তুতির কথা—যেখানে শরীরের ওজন কমানো মানে শুধু বাহ্যিক পরিবর্তন নয়, বরং এক মানসিক যুদ্ধ।
চিত্রনাট্যের প্রয়োজনে তাঁকে ওজন ৯৭ কেজি থেকে ৭৫ কেজিতে নামাতে হচ্ছে। ইতিমধ্যেই তিনি প্রায় ১২ কেজি কমিয়েছেন। কিন্তু সামনে আরও দীর্ঘ পথ বাকি।তবে শুধু শরীর নয়, মনকেও তৈরি করতে হচ্ছে নতুন করে।
চলচ্চিত্রের শুটিং হবে এমন এক প্রান্তে, যেখানে তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি। কঠিন আবহাওয়া, চরম পরিস্থিতি—সবকিছু মিলিয়ে এটি হবে এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা। এ প্রসঙ্গে নিশো বলেন, “জানি না, সেখানে দম ধরে টিকে থাকতে পারব কিনা, হয়তো বা অসুস্থ হয়ে পড়ব। কোনো বিকল্প পরিকল্পনাও নেই। মনই আমাদের একমাত্র শক্তি।”
নিশোর বিশ্বাস, ‘দম’ শুধু একটি সিনেমা নয়—এটি হবে বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন অভিজ্ঞতার সূচনা।