ইবির লালন শাহ হলে শিবিরের দাবি— উন্নত ডাইনিং, ওয়াইফাই, সিসিটিভি ও নিরাপদ আবাসন

Site Favicon প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ২০:২৯
A+A-
Reset

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল সংস্কারে ২০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রশিবির। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বরাবর স্মারকলিপি প্রধান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো হলো- নিরবিচ্ছিন্ন ও উচ্চগতি সম্পন্ন ওয়াইফাই সংযোগ, ডায়নিং এর খাবারের মান উন্নয়ন ও ন্যায্য মূল্য নির্ধারণ, খাবারের মান বৃদ্ধির জন্য সাবসিটি বৃদ্ধি করা, মেধার ভিত্তিতে সিট বরাদ্দ, হলের মসজিদ নিয়মিত পরিচ্ছন্ন রাখা, মসজিদের ছাদ সংস্কার ও এসি স্থাপন করা, প্রত্যেক রুমে সিলিং ফ্যান নিশ্চিত করা, রিডিং রুমে এসি স্থাপন, রিডিং রুমে জব রিলেটেড বইয়ের ব্যবস্থা করা,

হল অফিসের কর্মকর্তাদের মধ্যে কর্ম চাঞ্চল্য ফিরিয়ে আনা, হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও ২৪ ঘন্টা প্রহরী নিশ্চিত করা, হলের গেস্ট রুম সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধি করা, জাতীয় দিবসগুলোতে স্পেশাল খাবারের ব্যবস্থা করা, ডিবেটিং সোসাইটির রুমে ডেকোরেশন করা, টয়লেট ও বাথরুম নিয়মিত পরিষ্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, শিক্ষার্থীদের জন্য ফ্রিজের ব্যবস্থা করা, হলের প্রতিটি ব্লকে দ্রুত সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা, হলের দেওয়াল ও দরজা থেকে পতিত ফ্যাসিস্টদের নাম অপসারন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে হল রং করা, হলের চারপাশের পরিবেশ সুন্দর করা, হলের প্রতিটি ব্লকে ঢাকনা সম্পন্ন ডাস্টবিন নিশ্চিত করা এবং হলে সাঁপের উৎপাত নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা।

হল শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, ছাত্রশিবির সবসময় ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে। অভ্যূত্থান পরবর্তী সময়ে প্রশাসনের সাথে সমন্বয় করে বেশ কিছু কাজ বাস্তবায়ন করছি। এছাড়া বেশ কিছু সমস্যা সমাধানের জন্য স্মারকলিপিতে উল্লেখ করেছি। আমাদের প্রত্যাশা হল প্রশাসন যেন আমাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখে।

লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বলেন, স্মারকলিপিতে দেওয়া প্রতিটি দাবিই যৌক্তিক। এর মধ্যে বেশ কিছু কার্যক্রম চলমান আছে। মসজিদে এসি স্থাপন, প্রতি রুমে সিলিং ফ্যান স্থাপন, প্রতি ব্লকে সিসিটিভি স্থাপন ও হল রং করার জন্য হলের নিজস্ব অর্থায়নে সম্ভব নয়। এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সম্পূর্ণ করতে হবে। এছাড়া রিডিং রুমে এসি স্থাপন, হলের গেস্ট রুমে রং করা, হলে ফ্যাসিস্টদের চিহ্ন মুছে ফেলা ও ঢাকনা যুক্ত ডাস্টবিন খুব শীঘ্রই করা হবে।

আপনার পছন্দ হতে পারে