জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধীনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইস আরএম) বিষয়ে ২০২৬ সালের (স্পিরিং) সেশনের এমবিএ (উইকেন্ড) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে।
বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৫ থেকে এবং চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
প্রোগ্রামের বৈশিষ্ট্য
উইকেন্ড এমবিএ প্রোগ্রামটি মূলত কর্মজীবী ও পেশাজীবীদের জন্য পরিকল্পিত। ক্লাস নেওয়া হবে সপ্তাহের শুক্রবার ও শনিবার। প্রোগ্রামটির মেয়াদ ন্যূনতম ১৬ মাস এবং এতে মোট ৪৮ ক্রেডিট সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিবহন সুবিধাও পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার। লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত এবং মৌখিক পরীক্ষা (ভাইভা) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। পরীক্ষার সময় প্রার্থীদের মূল একাডেমিক সনদ, নম্বরপত্র ও চাকরির অভিজ্ঞতার সনদ সঙ্গে আনতে হবে।
যোগ্যতা
ভর্তির জন্য আবেদনকারীর চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। তিন বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক। আবেদনকারীর ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪-এর মধ্যে) অথবা সমমানের দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
নির্বাচনের মানদণ্ড
লিখিত ও মৌখিক পরীক্ষায় পারফরম্যান্স, পূর্ববর্তী একাডেমিক ফলাফল এবং ব্যবস্থাপনা বা নির্বাহী পর্যায়ের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা—সবকিছু বিবেচনা করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশনা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: https://jumgt.org/