কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কবির মামুদ গ্রামের বাসিন্দা অসহায় গোলজার হোসেন দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা, শ্বাসকষ্ট, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়েও অসুস্থতার কারণে কোনো কাজ করতে না পারায় মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।
এমতাবস্থায় মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর্ন এন্ড লিভ ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসির নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে ফাউন্ডেশনটি।
এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ২২ অক্টোবর বিকেলে গোলজার হোসেনের পরিবারের জন্য এক মাসের বাজার সামগ্রী—চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, সবজি ও মাছ নিয়ে হাজির হন সংগঠনের কয়েকজন স্বেচ্ছাসেবক। বাজারসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গোলজার হোসেন ও তার বয়োবৃদ্ধ মা।
এ সময় সংগঠনটির জেলা প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা জানান, ভবিষ্যতেও তারা এই ধরনের অসহায় পরিবারদের পাশে থাকবেন এবং নিয়মিত সহায়তা প্রদান অব্যাহত থাকবে।