গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে হচ্ছে ‘ছাত্রশক্তি’ নেতৃত্বেও থাকছে চমক

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ০১:৪০
A+A-
Reset

ডাকসু, জাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে প্রত্যাশিত ফল না পাওয়ার পর সংগঠন পুনর্গঠনের কথা ভাবছিল গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। এবার সে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সংগঠনটি। নাম বদলে ফের ‘ছাত্রশক্তিতে’ ফিরছে তারা। একই সঙ্গে নেতৃত্বেও আসছে পরিবর্তন।

সংগঠন সূত্রে জানা যায়, আগামীকাল ২৩ অক্টোবর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাগছাসের জাতীয় সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে সংগঠনের নতুন নাম ও নেতৃত্ব ঘোষণা করা হবে। সেদিন নতুন নামের পাশাপাশি কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ঢাকা মহানগর শাখার কমিটি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় কমিটি হতে পারে সর্বোচ্চ ১০১ সদস্যবিশিষ্ট।

সূত্র আরও বলছে, সংগঠন নিয়ে এখন পর্যন্ত তিনটি নাম আলোচনায় আছে-গণতান্ত্রিক ছাত্রশক্তি, জাতীয় ছাত্রশক্তি ও বাংলাদেশ ছাত্রশক্তি। এই তিন নাম থেকে একটি বেছে নেওয়া হবে।

নেতৃত্বের ক্ষেত্রে কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির আলোচনায় আছেন বাগছাসের বর্তমান আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান। এ ছাড়া কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের আলোচনায় আছেন ঢাবি শাখার বর্তমান সদস্য সচিব মহির আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম ও কেন্দ্রীয় সহ-মুখপাত্র ফারদিন হাসান এবং ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক লিমন আহসান। এ ছাড়া সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বের আলোচনায় আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম প্রমুখ।

আপনার পছন্দ হতে পারে