এমপিওভুক্ত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে মানববন্ধন

Site Favicon প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ১৪:২৭
A+A-
Reset

এমপিওভুক্ত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং ন্যায্য অধিকার আদায়ের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা। মানববন্ধনটি সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান।

মানববন্ধনে রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, আমরা জুলাই গণ-অভ্যুত্থানের আগেও দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন আন্দোলন করে তাদেরকে বাহবা দেওয়া হয়। কিন্তু যখনই আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকেরা আন্দোলন করে তাদের ওপর গরম পানি ছিটানো হয়, টিয়ারশেল ছোড়া হয়। এখন টিচারদের মধ্যেও ভাগ হয়ে গেছে। একটি এলিট শ্রেণির আরেকটি নিম্ন শ্রেণির। শিক্ষকদের মধ্যে আমরা এমন ভাগ দেখতে চাইনা। যেসকল শিক্ষকদের কারণে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসি, মন্ত্রনালয়ে চাকরি করি তাদের ন্যায্য দাবির পক্ষে আমরা আছি। আজ আন্দোলনরত শিক্ষকেরা লং মার্চ টু যমুনাতে গেছে। তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহবান জানাই।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আয়ান বলেন, ’শিক্ষকতা একটি মহান পেশা। যেই শিক্ষকেরা জাতি গড়ার কারিগর, তাদের ওপর আজ অন্যায়, জুলুম এবং বৈষম্য করা হচ্ছে। আমরা ২৪ এ যে আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে, আজও আমাদের সমাজে বৈষম্য বিদ্যমান রয়েছে। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছিলাম, সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের শিক্ষকেরা লড়াই করছে। শিক্ষকরা রাজপথে লড়াই করছে আর অথর্ব শিক্ষা উপদেষ্টারা কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা বলতে চাই শিক্ষকদের ন্যায্য দাবি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দিতে হবে। আমরা কোন টালবাহানা দেখতে চাই না, আজকের মধ্যে শিক্ষকদের দাবি না মানলে, আমরাও একদফা জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে লংমার্চে অংশ নিব।’

আপনার পছন্দ হতে পারে