ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের নিকট ভোট চাচ্ছে বলে মন্তব্যে করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (১১ অক্টোবর) লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির এক উঠান বৈঠকে এ মন্তব্যে করেন তিনি।
এ্যানি বলেন, কোনো রাজনৈতিক দল কোনোভাবেই ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতটুকু যৌক্তিকতা রয়েছে? তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ও সহি শুদ্ধ সূরা-কারাত পড়লে হয় এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবনীগ্রন্থ অনুসরণই যথেষ্ট।
মাদকবিরোধী অবস্থান জানিয়ে তিনি বলেন, “সুন্দর সমাজ গঠন করতে হলে মাদক এখনই নির্মূল করতে হবে। যারা গ্রামগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা দ্রুত এই পথ থেকে সরে আসুন। না হলে প্রশাসনের সহায়তায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, “কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করলে তা বরদাশত করা হবে না। কেউ ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করতে চাইলে তাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হবে।”
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজ উল্লাহ এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।