বিনামূল্যে শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর থাইরয়েড টেস্ট করালো জবির বাঁধন

Site Favicon প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫
A+A-
Reset

স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে এবং বায়োটেড-এর সহযোগিতায় ১২০ জন শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিনামূল্যে থাইরয়েড টেস্টের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত থেকে স্যাম্পল প্রদানের কর্মসূচির উদ্বোধন করেন ।

অংশগ্রহণকারী শিক্ষার্থী রাছেল হোসেন বলেন, ‘বাঁধনের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা বিনামূল্যে টেস্ট করার পাশাপাশি থাইরয়েড রোগের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে জানতে পেরেছি। ভবিষ্যতেও এমন স্বাস্থ্যসচেতনতামূলক প্রোগ্রাম হলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।’

বাঁধনের নির্বাহী সদস্য মো: জুবায়ের ইসলাম রিয়ন বলেন, ‘বায়োটেড-এর সহযোগিতায় আমরা বিনামূল্যে ১৪০ জনের থাইরয়েড টেস্ট করিয়েছি। মূল উদ্দেশ্য ছিলো সকলের মাঝে রোগটি সম্পর্কে সচেতনতা তৈরি করা। টেস্টের পাশাপাশি আমরা রোগটির লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কেও সবাইকে জানিয়েছি।’

সংগঠনের সাধারণ সম্পাদক মো: তাসলিমুল হাসান নিশাদ বলেন, ‘থাইরয়েড অসুখের কারণে সৃষ্ট লক্ষণগুলো প্রথমদিকে খুব সামান্য আকারে প্রকাশ পায়, যেটা তরুণদের নজরে আসে না। ফলে পরবর্তীতে সমস্যা জটিল হয়ে যায়। বিশেষ করে মেয়েরা এই রোগে বেশি ভুগে থাকেন, যা অনেক সময় বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়ায়। এজন্যই আমরা শিক্ষার্থীদের মাঝে থাইরয়েড নিয়ে সচেতন করার চেষ্টা করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল মান্নান এবং বায়োটেড-এর প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ সাগওয়াত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আপনার পছন্দ হতে পারে