বরিশাল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে পবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

Site Favicon প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১২ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪
A+A-
Reset

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের কনফারেন্স রুমে গত মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) এক উজ্জ্বল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো বরিশাল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আলোচনা সভা।

বিশ্ববিদ্যালয়ের বরিশাল অঞ্চলের শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও মেধাবিকাশের প্রতীক হয়ে এই অনুষ্ঠানটি পরিণত হয় নবীন শিক্ষার্থীদের উৎসবমুখর মিলনমেলায়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. বদিউজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের নানা অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণাঢ্য ও অর্থবহ।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম বলেন,“শিক্ষার্থীরাই একটি জাতির মেরুদণ্ড। তোমরা যারা আজ নবীন হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রথম পদার্পণ করলে, তোমরাই আগামী দিনের পথপ্রদর্শক। শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, বরং মানবিক মূল্যবোধ, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় হলো মেধা ও মননের সমন্বয়ে একজন আদর্শ মানুষ তৈরির পাঠশালা। এখানে অর্জিত শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, জাতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আগামী দিনে তোমাদের প্রতিভা ও নেতৃত্ব দেশের উন্নয়নে দিকনির্দেশক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে এবং শিক্ষা ও গবেষণার প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

‎এ সময় তিনি নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন,“আমি যখন ছাত্র ছিলাম, তখন স্বপ্ন দেখতাম কিভাবে নিজেকে গড়ে তোলা যায়। সেই সময়ে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে গিয়েছি। আজ তোমাদের সেই স্বপ্ন দেখার সময় এসেছে। তোমরা যদি সৎ পথে থেকে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাও, তবে সাফল্য অনিবার্য।”

‎বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “নবীনবরণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি শিক্ষার্থীদের নতুন উদ্যম ও অনুপ্রেরণা দেওয়ার একটি সুযোগ। এ ধরনের আয়োজন ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক। নবীন শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক, সামাজিক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হয়—এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, বরিশাল অঞ্চলের শিক্ষার্থীরা এই ধারা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করবে।”

‎সভাপতির বক্তব্যে প্রফেসর ড. বদিউজ্জামান বলেন,“নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করবে। শুধুমাত্র একাডেমিক পড়াশোনা নয়, মানবিক গুণাবলী অর্জনের মধ্য দিয়েই তারা সমাজ ও জাতিকে আলোকিত করতে পারবে।”

‎অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, বই এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার গ্রহণের পর নবীনরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বরিশাল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এমন সুন্দর আয়োজন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটিকে স্মরণীয় করে তুলেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও অনুপ্রেরণা তাদের ভবিষ্যতের পথচলায় দিকনির্দেশক ভূমিকা পালন করবে।

আপনার পছন্দ হতে পারে