নানা নাটকীয়তা শেষে রাজশাহী বিশ্বাবদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পোষ্য কোটা স্থগিত করা হয়েছে। এ ছাড়াও পোষ্যকোটার ভর্তি কার্যক্রম স্থগিত হওয়ায় এবং উপ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তিতে জড়িত ছাত্রদের বিচারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করার ঘোষণা দেন কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন এ কর্মসূচির ঘোষণা দেন।
তাদের কর্মসূচির বাইরে থাকবে, রাকসু বিষয়ক কার্যক্রম, চিকিৎসা, পানি, পরিবহন ও বিদ্যুতের মতো জরুরী সেবা।
এ বিষয়ে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃশ্যমান বিচার কার্যকর এবং আমাদের প্রতিষ্ঠানিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত কমপ্লিট শাট ডাউন থাকবে। রাকসু সংশ্লিষ্ট বিষয়, চিকিৎসা, পানি, বিদ্যুতসহ জরুরি প্রয়োজন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। তবে ক্লাস-পরীক্ষা এই কর্মসূচির আওতায় থাকবে।
রাকসুর বিষয়ে তিনি বলেন, এই কর্মসূচির কারণে রাকসু পিছিয়ে গেলে সেটা প্রশাসনের ব্যর্থতা, আমাদের নয়।