নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে মেট্রোরেলে যাত্রীর চাপ ক্রমেই বাড়ছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ মেট্রোরেলে যাতায়াত করছেন। বিশেষ দিনে এ সংখ্যা সাড়ে চার লাখ ছাড়াচ্ছে। বাড়তি চাহিদা মেটাতে এমআরটি লাইন-৬-এ অতিরিক্ত ১০টি ট্রিপ চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী রাত ১০টার পরও ট্রেন চলবে।
ডিএমটিসিএলের তথ্যমতে, সকাল ৬টা ৩০ মিনিটে ‘সুইপিং ট্রেন’ দিয়ে দিনের যাত্রা শুরু হবে, যাতে শুধু এমআরটি পাস ও র্যাপিড পাসধারী যাত্রীরা উঠতে পারবেন। সকাল ৭টা থেকে শুরু হবে নিয়মিত সার্ভিস। নতুন সূচিতে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৫, ৯টা ২০ ও ৯টা ৩০ মিনিটে; মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৫০, ১০টা ও ১০টা ১০ মিনিটে।
প্রতিটি ট্রেনে বর্তমানে ছয় কোচে একসঙ্গে প্রায় ২ হাজার ৩শ’ যাত্রী ভ্রমণ করতে পারেন। নতুন ট্রিপ চালু হলে প্রতিদিন অতিরিক্ত ২৩ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে। ডিএমটিসিএল জানিয়েছে, এ জন্য বাড়তি লোকবল নিয়োগ প্রক্রিয়াও চলছে।