কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) দাওয়া কমিউনিটি শাখার উদ্যোগে ইসলাম ধর্মাবলম্বীদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন আদর্শের উপর ‘সীরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স -২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
দ্বীন ইসলাম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সীরাত গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মোহাম্মদ (হাফিঃ), লেখক ও দা’য়ী জাকারিয়া মাসুদ (হাফিঃ), মাদ্রাসা আশরাফিয়া’র প্রধান মুফতি শামসুল ইসলাম জিলানী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান কাসেমী।
এ কার্যক্রম নিয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজিম উদ্দিন বলেন, ‘বিগত সময়ে আমরা অনুষ্ঠান করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তবে ৫ আগস্টের পর বর্তমান পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। দাওয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গঠনের পর থেকে মুসলিমদের মৌলিক বিষয়কে সামনে রেখে কার্যক্রম করে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সীরাত প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে সাপ্তাহিক পাঠচক্র করি এবং রমজান মাসে বিভিন্ন সেমিনারের আয়োজন করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের শিক্ষক-শিক্ষার্থীদের আমাদের প্লাটফর্মে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি।’
অনুষ্ঠানের আলোচক মাওলানা শরীফ মোহাম্মদ (হাফিঃ) রাসুলুল্লাহ্ (সাঃ)-এর আদর্শ ও গুণাবলি সম্পর্কে বলতে গিয়ে বলেন, মুসলিমদের ঈমান সেন্টের মতো হয়ে যাচ্ছে। ইসলাম যেন শুধু একটি বাহ্যিক বিষয় না হয়, বরং অন্তর থেকে আমাদের ঈমান আনার চেষ্টা করা উচিত।
অনুষ্ঠানের আরেক আলোচক লেখক ও দা’য়ী জাকারিয়া মাসুদ (হাফিঃ) বলেন, ‘একটা সময় ছিলো যখন বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নামাজ পড়তে গেলে তাকে নির্দিষ্ট দলের লোক ভেবে সন্দেহ করা হতো। তবে এখন একই পরিবেশে উন্মুক্ত স্থানে বসে এই বিষয়ে নির্দ্বিধায় আলোচনা করা যাচ্ছে। এছাড়াও আল্লাহ তালাহর এই নিয়ামত কীভাবে দীর্ঘ করা যায় সে বিষয়ে আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। ক্যাম্পাসে নারীদের পর্দা করার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করার জন্য আহ্বান জানাচ্ছি। করোনাকালীন সময়ে ২৬৩ বিলিয়ন লোক দারিদ্র্য সীমার নিচে চলে এসেছিলেন। মানুষের মধ্যে অনেক দুর্ভোগ সৃষ্টি হয়েছিল অর্থনৈতিক ও আইনগতভাবে, সেগুলো আল্লাহতালার রহমতে আমরা খানিকটা দূর করতে পেরেছি। অপরদিকে অন্য এক শ্রেণির মানুষ একই সময়ে লাখপতি থেকে কোটিপতি হয়েছেন।’