জকসুসহ ৩ দাবিতে ২৭ ঘণ্টার অনশন, অসুস্থ জবির তিন শিক্ষার্থী

Site Favicon প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯
A+A-
Reset

জবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ তিন দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন তারা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ২৭ ঘণ্টা ধরে তাদের অনশন কর্মসূচি চলমান ছিল।

জানা গেছে, অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ, ২০২০-২১ শিক্ষাবর্ষের একই বিভাগের ফেরদৌস শেখ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের একে.এম রাকিব।

এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শাহিন মিয়া এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অপু মুন্সি এখনো অনশন চালিয়ে যাচ্ছেন।

অনশন বিষয়ে একে.এম রাকিব বলেন, “আমরা তিন দফা দাবিতে অনশন করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের কোনো আশ্বাস দেয়নি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, “জকসু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি। রোডম্যাপ না দেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।”

অনশনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো
১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর করার সময়সীমা নির্ধারণ,
২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ,
৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন।

আপনার পছন্দ হতে পারে