জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা হল ও আল-বেরুনী হলের ভোটকেন্দ্রে একটি করেও ভোট পাননি ভিপি প্রার্থী মাহফুজ ইসলাম মেঘ।
তিনি জাকসু নির্বাচনে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ থেকে ভিপি প্রার্থী হয়েছিলেন। তবে নির্বাচনের দিন তারা ভোটগ্রহণ শেষদিকে নির্বাচন বর্জন করেছিলেন। কিন্তু এই প্যানেলের এজিএস প্রার্থী নাজমুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া মোহনা নির্বাচন বর্জন করেননি বলে জানা গেছে।
শনিবার জাকসু নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। মাহফুজ জাকসুতে ১৩১ টি ভোট পেয়েছেন। এরমধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে একটি ভোটও পাননি। অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ১ টি ভোট, বেগম খালেদা জিয়া ও আ ফ ম কামালউদ্দিন হলে ২ টি ভোট, মীর মশাররফ হোসেন হল ও শহীদ সালাম-বরকত হলে তিনটি করে ভোট পেয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, মেঘ প্রথম্ব বামপন্থীদের নিয়ে ঐক্য গড়ার চেষ্টা করেছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ মুহুর্তে তিনি ছাত্রদলে ভেড়ার চেষ্টা করেন। ছাত্রদলের প্যানেল ঘোষণার দিন সংবাদ সম্মেলনেও তিনি গিয়েছিলেন। তবে প্যানেল ঘোষণায় ভিপি পদে তার নাম ঘোষণা না করায় অবাক হয়ে ফিরে যান তিনি। এরপর ৮ জন সদস্য নিয়ে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ নামে প্যানেল দেন তিনি।