জাকসুতে ভোট কম পাওয়ার শঙ্কায় দলীয় পরিচয় গোপন করে প্রার্থীদের প্রচারণা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪১ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭
A+A-
Reset

জাবি প্রতিনিধি

আসন্ন জাকসু নির্বাচনে দলীয় রাজনৈতিক পরিচয় গোপন করে প্রার্থীদের প্রচারণা চালানোর প্রবণতা বেশি দেখা যাচ্ছে। নির্বাচনে ভোট কম পাওয়ার আশঙ্কায় অনেক প্রার্থী নিজেদের স্বতন্ত্র হিসেবে উপস্থাপন করছেন।

শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন প্যানেল থেকেই প্রার্থীরা ভোট চাইতে আসছেন, তবে পরিচয় দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী রাফিন বলেন, “আমাদের হলে কয়েকজন ভোট চাইতে এসেছে। কিন্তু সবাই বলছে তারা স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। পরে শুনলাম তারা আসলে নির্দিষ্ট প্যানেলের প্রার্থী।”

প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনিয়া বলেন, “রাজনৈতিক দলীয় পরিচয় প্রকাশ করলে হয়তো ভোট কমতে পারে, তাই তারা গোপন করছে। এতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কে আসলে কোন দল বা সংগঠনের।”

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান শুভ জানান, “প্রার্থীরা আসলে কোন মতাদর্শে বিশ্বাস করে, তা জানার অধিকার আমাদের আছে। কিন্তু তারা যদি ভোট পাওয়ার আশায় নিজেদের পরিচয় এড়িয়ে যায় তাহলে এটা শিক্ষার্থীদের সাথে প্রতারণা। নির্বাচনের আগে পরিচয় গোপন করতে হয় এমন প্রার্থী কখনো শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারেনা।”

আইন বিভাগের শিক্ষার্থী জালাল বলেন, “জাকসুর নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার। প্রার্থীরা যদি শুরুতেই পরিচয় গোপন করে, তাহলে ভবিষ্যতে তারা শিক্ষার্থীদের কাছে কীভাবে জবাবদিহি করবে?”

বিশ্ববিদ্যালয়জুড়ে ইতিমধ্যেই নির্বাচন নিয়ে আলোচনা চলছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ— প্রার্থীদের রাজনৈতিক পরিচয় গোপন করার প্রবণতা স্বচ্ছ নির্বাচনী পরিবেশের পথে প্রশ্ন তুলছে।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একইদিনে বিশ্ববিদ্যালয়ের ২১ আবাসিক হলেও হল সংসদ নির্বাচন হবে। এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলে মোট ৮ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

আপনার পছন্দ হতে পারে