ববি প্রতিনিধি:
অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৭ দিনের আন্দোলনের পর এবার আমরণ অনশনে বসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছয় জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন তারা।
অনশনরত শিক্ষার্থীরা জানান, গত ৩৬ দিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে পাঁচ দিন তারা মহাসড়ক অবরোধ করেছেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা থেকে আমরণ অনশন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
অনশনরত শিক্ষার্থীরা হলেন- শরমিলা জামান সেঁজুতি ( ইংরেজি ১১ ব্যাচ), অমিও মন্ডল (গণযোগাযোগ ও সাংবাদিকতা ১২ তম), শওকত ওসমান স্বাক্ষর (আইন ১১), তাইজুল ইসলাম তাজ (একাউন্টিং ১১ ব্যাচ), তামিম আহমেদ রিয়ান (লোকপ্রশাসন ১১ ব্যাচ) এবং আবু বকর সিদ্দিক ( রসায়ন ১২ ব্যাচ)।
তাদের দাবিগুলো- অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য জমি অধিগ্রহণ এবং বাস সংকট নিরসন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, ‘আমরা টানা ৩৬ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে আন্দোলন করছি। আমরা চাই ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আমাদের আশ্বস্ত করা হোক। কর্তৃপক্ষ এ নিশ্চয়তা দিলে আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করবো।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, ‘আমরা আমরণ অনশনে বসেছি এর পরে আর কোনো কর্মসূচি নেই। শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি, তাই এবার অনশন। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধ করিনি। এখন চাই কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকবো।’
উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন।