জাবি প্রতিনিধি
জাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে জাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
আচরণবিধির ৭ নম্বর ধারার (গ) ও (ঘ) অনুচ্ছেদে যথাক্রমে বলা আছে, নির্বাচনী প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি থাকতে পারবে না, বৈধ ভোটার ও প্রার্থী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্য যে কেউ বহিরাগত হিসেবে বিবেচিত হবেন।
তবে ছাত্রদল সমর্থিত প্যানেলটি প্রচারণার সময় শাখা ছাত্রদলের আহবায়ক জহিরউদ্দিন বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদসহ কয়েকজন নেতাকে প্রার্থীদের সঙ্গে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। তারা কেউ জাকসুর ভোটার নয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ বলেন, আমরা নির্বাচনের কোন আচরণ বিধিভঙ্গ করিনি। নির্বাচনের আচরণ মেনেই জাকসুতে সহযোগিতা করছি। আমাদের যেহেতু দলীয় প্যানেল দেওয়া হয়েছে, তাদের পরামর্শ দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, আচরণবিধিতে যা কিছু রয়েছে সবকিছু মেনেই প্রচারণা চালাতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা সংশ্লিষ্ট প্রার্থীদের শোকজ করব।