জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য “স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন” নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. শাকিল আলীর নেতৃত্বে ১৮ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় গণ-অভ্যুত্থানে সাভারে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবির এ প্যানেল ঘোষণা করেন।
প্যানেলে ঘোষণা শেষে সহ-সভাপতি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, আমরা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করব। আমরা এমন কোনো প্রতিশ্রুতি বা ইশতেহার দিব না সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারব না। আমরা নতুন কিছু চিন্তাধারা আনতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার দিয়ে এমন কিছু করব যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুগের পর যুগ উপকৃত হবে।
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলে, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে হাসিবুল হাসান ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে তূর্য কির্তনীয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ ইফরাত আমিন অক্ষর, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মো: আনোয়ার হোসেন, নাট্য সম্পাদক পদে মো. এরশাদ মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে সৈয়দা আলভী খোরশেদ, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সৌরভ কুমার বিশ্বাস, সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক পদে আইরিন সুলতানা আখি, সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে জান্নাতুল ফিরদাউস আনজুম, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) পদে শরিফ মুহাম্মদ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে মো. রায়হান, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে মো. শামীম।
এছাড়াও ছেলেদের জন্য সংরক্ষিত তিনটি কার্যকরী সদস্য পদে এই প্যানেল থেকে নির্বাচন করবেন তানজিদ বিশ্বাস রিচ, সুলতানুল মুল্ক শুভ, মোহাম্মদ মাহদী। তবে এই প্যানেল থেকে নারীদের জন্য সংরক্ষিত তিনটি কার্যকরী সদস্য পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি।
জাকসুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ক্রিড়া সম্পাদক পদে নির্বাচন করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান কিরণ। তার সম্মানার্থে ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী রাখেনি তারা। এছাড়াও তাদের প্যানেলে এজিএস (নারী), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক, সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্র) পদে কোনো প্রার্থী রাখা হয়নি।